বাবার রেখে যাওয়া ফুলের দোকান ঘিরে এক তরুণের স্বপ্নের গল্প। সে এক দিকে ফুল ভালোবাসে, অন্যদিকে বাংলা নাটকের বড় তারকা হওয়ার স্বপ্ন দেখে।এদিকে অফিস থেকে ফেরার পথে ফুল কিনতে সেই দোকানে আসেন কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তৌসিফ।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবশেষে তুমি এলে’। সেলিম রেজার পরিচালনায় রোমান্টিক ও পারিবারিক গল্পের এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।নির্মাতা জানান, রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবীথি হাউসে নাটকটির শুটিং হয়েছে।
নাটকটিতে রয়েছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান।
এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি।নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।
জানা গেছে, আগামী ১৪ মে এটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।