দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ। শুধু চাকুরি দিয়ে এ বিরাট সংখ্যক তরুণের কর্মসংস্থান সম্ভব নয়। প্রয়োজন শিল্পায়ন। এটি একদিকে তরুণদের উপার্জনের আয়োজন করবে অন্যদিকে দেশকে অগ্রগতির দিকে ধাবিত করবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, লালমনিরহাটের মাটি খুবই উর্বর। এখানে প্রচুর পরিমাণে ধান, ভুট্টা, আলু উৎপাদন হয়। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে শিল্পদ্যোক্তাদের আহ্বান জানান।
সোমবার (১১মে) লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল চাকরি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এ চাকরি মেলার আয়োজন করে। মেলা থেকে লালমনিরহাটের দক্ষ-অদক্ষ ১০০০ তরুণকে চাকুরী দেয়া হবে।অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।