২. জ্ঞান ও দক্ষতা অর্জন করা : আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু স্বপ্ন দেখলেই সফল হওয়া যায় না; প্রয়োজন জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা। ইসলাম জ্ঞান অর্জনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ (সুরা : জুমার, আয়াত : ৯)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোনো পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দেন।
৩. পরিশ্রমী ও কর্মঠ হওয়া : ইসলাম অলসতা ও কর্মবিমুখতাকে উৎসাহিত করে না। কোরআন মানুষকে পৃথিবীতে বিচরণ করে আল্লাহর রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করে দিয়েছেন। অতএব তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর রিজিক থেকে আহার করো।’ (সুরা : মুলক, আয়াত : ১৫)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিজ হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো ভক্ষণ করেনি।’ (সহিহ বুখারি, হাদিস : ২০৭২)
অতএব তরুণদের উচিত চাকরি, ব্যবসা, কৃষি, প্রযুক্তি, ফ্রিল্যান্সিং কিংবা যেকোনো হালাল পেশায় আন্তরিকভাবে পরিশ্রম করা। ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজের যোগ্যতা ও শ্রম দিয়ে সুযোগ তৈরি করার চেষ্টা করতে হবে।
৪. হালাল উপার্জনকে ক্যারিয়ারের ভিত্তি বানানো : ক্যারিয়ারের সাফল্য শুধু কত টাকা উপার্জন করা হলো, তার ওপর নির্ভর করে না; বরং সেই অর্থ কীভাবে উপার্জন করা হলো—এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ! পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র রয়েছে, তা থেকে আহার করো।’ (সুরা : বাকারা, আয়াত : ১৬৮)
হারাম উপার্জন সাময়িকভাবে সম্পদ বাড়াতে পারে, কিন্তু এতে জীবনের বরকত নষ্ট হয়। ঘুষ, প্রতারণা, সুদ, জুয়া, মিথ্যা, ওজনে কম দেওয়া, মানুষের অধিকার আত্মসাৎ কিংবা অন্য কোনো অবৈধ উপায়ে অর্জিত অর্থ একজন মুসলিমের ক্যারিয়ারের সাফল্য হতে পারে না।
৫. সময়ের মূল্য বোঝা : তারুণ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। অর্থ হারালে তা আবার অর্জন করা সম্ভব, কিন্তু চলে যাওয়া সময় আর ফিরে আসে না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত—সুস্থতা ও অবসর।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪১২)
তাই একজন তরুণের উচিত দিনের প্রতিটি ঘণ্টার হিসাব রাখা। অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগমাধ্যম, দীর্ঘ সময়ের বিনোদন, অনর্থক আড্ডা ও উদ্দেশ্যহীন ঘোরাঘুরি তার ক্যারিয়ারের সম্ভাবনাকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। প্রতিদিনের জন্য পড়াশোনা, দক্ষতা অর্জন, ইবাদত, শরীরচর্চা, পরিবার ও বিশ্রামের একটি ভারসাম্যপূর্ণ রুটিন তৈরি করা যেতে পারে।
৬. যোগ্য ও দায়িত্বশীল হওয়া : একজন মানুষের শুধু দক্ষ হলেই হবে না; তাকে বিশ্বস্তও হতে হবে। ইসলাম পেশাগত যোগ্যতার পাশাপাশি আমানতদারি ও সততার ওপর গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছে দেবে।’ (সুরা : নিসা, আয়াত : ৫৮)
একজন কর্মী যদি দক্ষ হন কিন্তু দায়িত্বশীল না হন, একজন ব্যবসায়ী যদি বুদ্ধিমান হন কিন্তু প্রতারক হন, কিংবা একজন কর্মকর্তা যদি যোগ্য হন কিন্তু দুর্নীতিগ্রস্ত হন—তাহলে তার ক্যারিয়ার ইসলামের দৃষ্টিতে আদর্শ ক্যারিয়ার নয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ১০১)
৭. নিজের যোগ্যতা অনুযায়ী পেশা নির্বাচন করা : প্রত্যেক মানুষের প্রতিভা ও যোগ্যতা এক নয়। কেউ চিকিৎসাবিজ্ঞানে ভালো, কেউ শিক্ষকতায়, কেউ ব্যবসায়, কেউ প্রযুক্তিতে, কেউ কৃষিতে, কেউ গবেষণায় আবার কেউ সৃজনশীল কাজে পারদর্শী। ইসলামের ইতিহাসেও সাহাবায়ে কেরাম বিভিন্ন পেশা ও কাজে যুক্ত ছিলেন। কেউ ব্যবসা করেছেন, কেউ কৃষিকাজ করেছেন, কেউ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, কেউ জ্ঞানচর্চা করেছেন। তাই শুধু অন্যকে দেখে পেশা নির্বাচন না করে নিজের মেধা, আগ্রহ, সামর্থ্য ও বাস্তবতার আলোকে ক্যারিয়ার নির্বাচন করা উচিত।
৮. আত্মনির্ভরতার চেষ্টা করা : ইসলাম মানুষের আত্মমর্যাদা ও পরিশ্রমকে গুরুত্ব দিয়েছে। মানুষের কাছে হাত পাতার পরিবর্তে নিজের শ্রমে উপার্জনের চেষ্টা করা মর্যাদাপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ তার রশি নিয়ে পাহাড়ে গিয়ে কাঠ সংগ্রহ করে তা বিক্রি করা—এটি মানুষের কাছে চাওয়ার চেয়ে উত্তম।’ (সহিহ বুখারি, হাদিস : ১৪৭১)
এই হাদিস তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। ছোট কাজ বলে কোনো হালাল কাজকে অবজ্ঞা করা উচিত নয়। কর্মের মর্যাদা তার আকারে নয়, বরং তার হালাল হওয়া ও আন্তরিকতার ওপর নির্ভর করে।
৯. ব্যর্থতায় হতাশ না হওয়া : ক্যারিয়ার গঠনের পথে ব্যর্থতা আসতেই পারে। একটি পরীক্ষায় ভালো ফল না করা, চাকরি না পাওয়া, ব্যবসায় ক্ষতি হওয়া কিংবা কোনো পরিকল্পনা ব্যর্থ হওয়া জীবনের শেষ নয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা : আলাম নাশরাহ, আয়াত : ৫-৬)
তাই ব্যর্থ হলে ভেঙে পড়া নয়; বরং ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনায় আবার এগিয়ে যাওয়াই একজন মুমিন তরুণের বৈশিষ্ট্য।
১০. দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রক্ষা করা : ক্যারিয়ার গড়তে গিয়ে যেন নামাজ, কোরআন, পরিবার ও নৈতিকতা বিসর্জন না যায়। আবার আখিরাতের চিন্তার নামে বৈধ দুনিয়াবি দায়িত্ব থেকেও বিমুখ হওয়া ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না।’ (সুরা : কাসাস, আয়াত : ৭৭)
এই আয়াত একজন মুসলিমের জীবনদর্শনের ভারসাম্য তুলে ধরে। ক্যারিয়ার হবে, অর্থ উপার্জন হবে, পেশাগত উন্নতি হবে—কিন্তু সবকিছুর সঙ্গে আল্লাহর সম্পর্কও দৃঢ় থাকবে।
১১. সৎ সঙ্গ ও ভালো পরিবেশ বেছে নেওয়া : তরুণদের চরিত্র ও ক্যারিয়ার গঠনে বন্ধু ও পরিবেশের ভূমিকা অনেক। ভালো বন্ধু মানুষকে উন্নতির পথে নিয়ে যায়, আর খারাপ সঙ্গ ধীরে ধীরে লক্ষ্য থেকে বিচ্যুত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা ও কামারের হাপরের মতো।’ (সহিহ বুখারি, হাদিস : ২১০১)
তাই এমন বন্ধু নির্বাচন করা উচিত যারা জ্ঞান, নৈতিকতা, পরিশ্রম ও ভালো কাজের প্রতি উৎসাহিত করে।
১২. আল্লাহর ওপর ভরসা ও দোয়া করা : পরিকল্পনা ও পরিশ্রমের পাশাপাশি আল্লাহর ওপর ভরসা করা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ‘আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, তিনিই তার জন্য যথেষ্ট।’ (সুরা : তালাক, আয়াত : ৩)
তবে তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়। বরং সাধ্য অনুযায়ী পরিকল্পনা ও পরিশ্রম করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই তাওয়াক্কুল।
অতএব, আজকের তরুণরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের চালিকাশক্তি। তাদের হাতে যেমন একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের সম্ভাবনা রয়েছে, তেমনি ভুল পথে পরিচালিত হলে সেই শক্তিই সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই তরুণদের ক্যারিয়ার গঠন শুধু ব্যক্তিগত উন্নয়নের বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। আর তারুণ্য একবারই আসে। তাই এই মূল্যবান সময়কে অলসতা ও অনর্থক কাজে নষ্ট না করে জ্ঞান, চরিত্র, দক্ষতা ও ইবাদতের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। কারণ আজ যে তরুণ নিজেকে গড়বে, আগামী দিনের পৃথিবী মূলত তার হাতেই গড়ে উঠবে। ইনশাআল্লাহ।