মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছেন বৈভব সূর্যবংশী। ভারতের এই বিস্ময় বালকের ব্যাটিং দেখে বিস্মিত অনেকেই।তবে তার বয়স নিয়ে শুরু থেকেই নানা আলোচনা চলছে ও প্রশ্ন উঠেছে। এবার সেই প্রশ্নই তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। সূর্যবংশীর বয়স সত্যিই ১৫ বছর কি না—সেটিই এখন ক্রিকেট বিশ্বে আলোচিত প্রশ্ন বলে মনে করছেন তিনি।
এত অল্প বয়সে সূর্যবংশীর ব্যাটিংয়ের ধরন, বড় শট খেলার সক্ষমতা এবং আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে আত্মবিশ্বাসী ব্যাটিং অনেকের কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে।
ভারতের বাইরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও তাই প্রশ্ন উঠছে—সূর্যবংশী কি সত্যিই ১৫ বছরের?ব্রেট লিও এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তবে বয়স নিয়ে সংশয় প্রকাশ করলেও সূর্যবংশীর ক্রিকেটীয় প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই।
সম্প্রতি বিয়ারবাইসেপস পডকাস্টে ব্রেট লি বলেছেন, ‘সে (বৈভব সূর্যবংশী) অসাধারণ। ভারতের বাইরে সবাই প্রশ্ন করে, সে সত্যিই ১৫ বছরের কি না।সারা বিশ্বে সম্ভবত এটাই এখন তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কিন্তু তার বয়স কত, তাতে আমার কিছু যায় আসে না। সে যদি ১৫ বছরের হয়, তাহলে দারুণ। আর যদি ১৭ বা ১৮ বছরেরও হয়, তাতেই বা কী!’
সূর্যবংশীর ক্রিকেটীয় সামর্থ্যের প্রশংসা করে ব্রেট লি আরো বলেছেন, ‘এই ছেলে ক্রিকেট খেলতে পারে। ভারত দারুণ এক প্রতিভাকে খুঁজে পেয়েছে।সে ভবিষ্যতে আরো বড় কিছু অর্জন করবে।’সূর্যবংশীর বড় শট খেলার প্রবণতা তাকে আলাদা করে তুলেছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা ব্রেট লি।