আপনার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ফলে প্রতিদিনের রুটিন তালিকায় গোসল বাদ পড়েছে। কিন্তু শ্যাম্পু না করলে তো বাইরে বেরোতে পারবেন না আপনি। শ্যাম্পু, কন্ডিশনার ও সিরাম ব্যবহার করে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে বেরোতে কমপক্ষে ঘণ্টাখানেক লাগবে। কিন্তু আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এখন কি করবেন ভাবছেন?
ড্রাই শ্যাম্পু
আপনার তৈলাক্ত চুল সিল্কি করার সবচেয়ে সহজ পন্থা হলো— ড্রাই শ্যাম্পু। তবে এই প্রসাধনীটি আপনাকে ব্যবহার করতে হবে সঠিক উপায়ে। চুলের গোড়া থেকে কিছুটা দূরত্বে এটি স্প্রে করুন। এক মিনিট অপেক্ষা করুন এবং তারপর আঙুল দিয়ে হালকা মাসাজ করুন। এটি অতিরিক্ত তেল শুষে নিয়ে চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে।
অয়েল অ্যাবজর্বিং টিস্যু
রাস্তাঘাটে থাকলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করা মুশকিল। কিন্তু তবে হাতের কাছে যদি অয়েল অ্যাবজর্বিং টিস্যু থাকে, তাহলে সেটিই স্ক্যাল্পের অতিরিক্ত তেল শুষে নিতে পারে। আর চুলের সিঁথি ও হেয়ারলাইনে আলতো করে চেপে ধরতে হবে। তাতে হেয়ারস্টাইলও নষ্ট হবে না। টিস্যুটি বাড়তি তেল টেনে নেবে।
পাউডার কিংবা কর্নফ্লাওয়ার
আপনার ড্রাই শ্যাম্পু হাতের কাছে না থাকলেও আপনি পাউডার কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। খুব সামান্য পরিমাণে পাউডার চুলের গোড়ায় দিয়ে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এরপর খেয়াল রাখুন যেন সাদা গুঁড়ো চুলে লেগে না থাকে। এটি শ্যাম্পু ছাড়াই চুলে বাউন্স এনে দিতে পারে।
অ্যাপেল সাইডার ভিনেগার স্প্রে
পানিতে সামান্য অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে স্ক্যাল্পে স্প্রে করুন। এরপর ২-৩ মিনিট রেখে চুল আঁচড়ে নিন। এতে স্ক্যাল্পে জমাট বাঁধা ময়লা ও তেল পরিষ্কার করে চুলকে সিল্কি এবং ঝরঝরে করে তুলবে। ঘাম জমে স্ক্যাল্পে যে দুর্গন্ধ হয়, তাও দূর হতে পারে এই পদ্ধতিতে।