একসময়ের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি এবার নেমে গেল ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে (লিগ ওয়ান)। মঙ্গলবার হালের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পরই নিশ্চিত হয় তাদের অবনমন।
কিং পাওয়ার স্টেডিয়ামে জয় ছাড়া বিকল্প ছিল না লিস্টারের সামনে। কিন্তু দ্বিতীয়ার্ধে ওলি ম্যাকবার্নির সমতাসূচক গোলে ভেঙে যায় তাদের টিকে থাকার স্বপ্ন।ম্যাচের ১৮তম মিনিটে লিয়াম মিলারের গোলে এগিয়ে যায় হাল। এরপর ৫২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জেমস জাস্টিন। দুই মিনিট পর লুক থমাস গোল করে লিস্টারকে এগিয়ে নিলেও ৬৩ মিনিটে ম্যাকবার্নির গোলেই শেষ হয়ে যায় তাদের আশা।
এই ড্রয়ের ফলে টেবিলের দ্বিতীয়-সর্বশেষ স্থানে থাকা লিস্টার নিরাপদ অঞ্চলের থেকে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ে।হাতে বাকি মাত্র দুই ম্যাচ, ফলে অবনমন এড়ানোর আর কোনো সুযোগ নেই।ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে খেলোয়াড়দের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকরা। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী সমর্থকদের সামনে এসে দুঃখ প্রকাশ করেন।
মাত্র ১০ বছর আগে ২০১৬ সালে রূপকথার মতো প্রিমিয়ার লিগ জিতেছিল লিস্টার।সেই দলে ছিলেন জেমি ভার্ডি, রিয়াদ মাহরেজ, এন’গোলো কান্তের মতো তারকারা। এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল এবং ২০২১ সালে এফএ কাপ জয়, সবই এখন অতীত।গত চার মৌসুমে এটি লিস্টারের তৃতীয় অবনমন। ২০২৩ ও ২০২৫ সালে প্রিমিয়ার লিগ থেকে নামার পর এবার তারা পৌঁছে গেল লিগ ওয়ানে।
কোচ গ্যারি রোয়েট বলেন, ‘একটি ক্লাব এক-দুই ম্যাচে অবনমন হয় না, পুরো মৌসুমের পারফরম্যান্সই এর কারণ।এই কঠিন সময় থেকে শিক্ষা নিতে হবে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..