বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত কবি ও সাহিত্যিক হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে কবিতা আবৃত্তি, গ্রন্থপাঠ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুর শহরের দেওয়ানপাড়ায় অবস্থিত ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী উৎপল কান্তি ধর, পাঠাগারের সভাপতি কবি আলী জহির, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মনোয়ার হুসেন মুরাদ, পাঠাগারের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন এবং যুগ্ম সম্পাদক সাগর মুখার্জি।
বক্তারা বলেন, কবি হাসান হাফিজুর রহমানের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তাদের মধ্যে পাঠাভ্যাস ও সাহিত্যচর্চার আগ্রহ বৃদ্ধি করতেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়। তারা শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানটি সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।