প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ জেলা সফরে যাওয়ার পথে গাজীপুরের প্রবেশদ্বার টঙ্গীতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর মোটরশোভাযাত্রা টঙ্গী অতিক্রমকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক ও গাজীপুরের প্রবেশপথ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্বাগত বার্তা সংবলিত প্ল্যাকার্ড হাতে সুশৃঙ্খলভাবে সড়কের পাশে অবস্থান নেন। মোটরশোভাযাত্রা টঙ্গী সীমানায় পৌঁছালে স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানির সার্বিক নেতৃত্বে নেতাকর্মীরা এ সংবর্ধনায় অংশ নেন। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায়ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় জাতীয় মৎস্য দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী জাতীয়ভাবে মৎস্য দিবসের উদ্বোধন এবং মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সেরা মৎস্যচাষি ও মৎস্যজীবীদের পুরস্কার প্রদান করবেন বলে আগে থেকেই জানানো হয়েছে।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব কর্মসূচির মধ্যে মৎস্য খাতের উন্নয়নমূলক কার্যক্রম, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে সম্মানীর চেক প্রদানসহ বিভিন্ন কার্যক্রম রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা ও টঙ্গী-গাজীপুর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকেও সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর গাড়িবহর টঙ্গী অতিক্রম করার সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে গাজীপুরের প্রবেশদ্বারে সৃষ্টি হয় এক প্রাণবন্ত দৃশ্য। পরে প্রধানমন্ত্রী সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে টঙ্গী ত্যাগ করেন।