নওগাঁ প্রতিনিধি:- রিমন আহমেদ:নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দুটি পুলিশ চেকপোস্টের কার্যক্রম শুরু হয়েছে। নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম এ দুটি চেকপোস্ট উদ্বোধন করেন।
জাতীয় সংসদ সদস্য-৫১, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত দুটি উপজেলায় এ দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হয়। চেকপোস্ট দুটির একটি রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার রামপুর মৌজায়।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি বেলা ১২টায় আত্রাই উপজেলার রামপুর মৌজায় দুটি পুলিশ চেকপোস্ট উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।
পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা থেকে রেললাইন বরাবর নাটোর পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির অধিকাংশই ফাঁকা। বিশেষ করে সন্ধ্যার পর এই সড়কে ছিনতাই বা সড়ক ডাকাতির ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী এবং যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করে।
নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং চলাচলকারীদের আতঙ্ক দূর করতেই জনগণের দীর্ঘ চাহিদার পরিপ্রেক্ষিতে এই চেকপোস্ট দুটি নির্মাণ করা হয়। প্রতিটি চেকপোস্টে একজন এএসআই-এর নেতৃত্বে পাঁচজন করে পুলিশ সদস্য কর্মরত থাকবে।
সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দুটি পুলিশ চেকপোস্ট নির্মাণ করা হলো।
এ সময় পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।