বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কাতারের
Syed Asaduzzaman
/ ৫
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়।
কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে তিনি কাতারের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দেশটির গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তার দায়িত্ব সফলভাবে পালনে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার সময় শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন। বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে, বিশেষ করে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠকে খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।এই বৈঠকের আগে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।