সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের পারিশ্রম্যের ব্যবধান নিয়েও কথা বলেন শ্রেয়া। এ ক্ষেত্রে শুধু লিঙ্গের ভিত্তিতে পারিশ্রম্য নির্ধারিত হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।শ্রেয়া বলেন, ‘এটা লিঙ্গভিত্তিক বিষয় নয়। ছেলেরাও এর মুখোমুখি হয়। ক্যারিয়ারের শুরুতে আমি বিনা পারিশ্রমিকেও অনেক গান গেয়েছি। এ নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে।’তিনি আরো বলেন, ‘অরিজিৎ সিং এত টাকা পারিশ্রমিক পান—এমন কথা বলা হয়, কিন্তু বিষয়টি পুরোপুরি সত্য নয়। বর্তমানে ইন্ডাস্ট্রির সব ভালো গায়ক-গায়িকাই অনেক কাজ বিনা পারিশ্রমিকে করেন। আবার কোনো কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রম্য দাবি করার কারণ থাকলে তারা বড় অঙ্কের পারিশ্রমিকও নেন।’
ব্যক্তিজীবনে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় শ্রেয়া ঘোষালের। মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ২০২১ সালে তাদের সংসারে প্রথম সন্তান আসে। ছেলে দেবযানকে নিয়ে বর্তমানে তাদের পরিবার।
এদিকে সম্প্রতি পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষাল ও বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্টে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন শ্রেয়া। সম্পত্তির নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, অ্যাপার্টমেন্টটির মূল্য ২০ কোটি ৮৮ লাখ রুপি।