
চরিত্রটির এমন মানসিকতা তৈরির পেছনে মায়ের প্রভাবও রয়েছে বলে মনে করেন শেহরিয়ার। ছোটবেলা থেকেই আবু বকরের মা তাকে নির্দিষ্ট কিছু মূল্যবোধের মধ্যে বড় করেছেন। সব সময় শিখিয়েছেন কোনটি সঠিক, আর কোনটি ভুল। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ঠিক কাজটি করার একটা চাপ তার মধ্যে কাজ করে।
জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগার বিষয়টি দর্শকদের কাছে স্পষ্ট করতে বিভিন্ন দৃশ্যে সূক্ষ্ম ইঙ্গিত রেখেছিলেন শেহরিয়ার। এমনই একটি দৃশ্যের কথা তুলে ধরে অভিনেতা জানান, একবার দুপুরের খাবার খেতে গিয়ে আবু বকর জারিয়াবকে বলেছিল, ‘তুমি পাস্তা পছন্দ করো, তা–ই না?’ জারিয়াব তখন অবাক হয়ে জানতে চেয়েছিল, সে কীভাবে জানল। উত্তরে আবু বকর বলেছিল, ‘কিশওয়ার খালা একবার বলেছিলেন।’
শেহরিয়ারের মতে, কাউকে বিশেষভাবে ভালো না লাগলে তার পছন্দের খাবারের মতো ছোটখাটো বিষয় এতটা মনে রাখার কথা নয়। দর্শকদের কাছে আবু বকরের মনের কথা পৌঁছে দিতে এমন আরও অনেক ইঙ্গিত রেখেছিলেন তিনি। অভিনেতার ভাষায়, ‘আমি এমন অনেক ইঙ্গিত ছড়িয়ে দিয়েছি।’
ধারাবাহিকটি প্রচারের পর থেকেই আবু বকরকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। তার অতিরিক্ত ভালো মানুষি দেখে অনেক দর্শক মুগ্ধ হলেও কারও কারও কাছে চরিত্রটির আচরণ কিছুটা অবাস্তব মনে হয়েছে।
তবে অভিনেত্রী নাদিয়া আফগান এর আগে আবু বকরের পক্ষ নিয়ে বলেছিলেন, তার স্বামীর মধ্যেও চরিত্রটির মতো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাই আবু বকরের আচরণ তার কাছে মোটেও অবিশ্বাস্য মনে হয়নি।