যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে বিজয়ী ভাষণে ডেমোক্রেট প্রার্থী রয় কুপার বলেছেন, ওয়াশিংটনের ‘বিশৃঙ্খলা ও দুর্নীতি’ মোকাবিলা করতে চান তিনি। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে কাজ করার অঙ্গীকার করেন।
কুপার বলেন, ওয়াশিংটনের বিশৃঙ্খলা ও দুর্নীতি আমাদের জনগণের ক্ষতি করছিল। আজ আপনারা বলেছেন, এসব বন্ধ করতে হবে। আপনাদের নতুন সিনেটর হিসেবে আমি সেই বার্তা ওয়াশিংটনে পৌঁছে দিতে প্রস্তুত।
নর্থ ক্যারোলাইনার সাবেক এই গভর্নর আরও বলেন, স্বাস্থ্যসেবা, আবাসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে আমাদের কাজ করতে হবে। এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং জ্বালানি কিনতে গিয়ে মানুষের পকেটে যে চাপ পড়ছে, তা কমাতে হবে। ওদিকে, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে রয় কুপারের বিজয় উদ্যাপন করেছেন মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর অ্যামি ক্লোবুচার। তিনি বর্তমানে মিনেসোটার গভর্নর পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।