খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম:খুলনা নগরীর ডাকবাংলা সাহেবের কবরখানার বিপরীতে হোটেল কপোতাক্ষ আবাসিকের একটি কক্ষ থেকে শহিদুল রানা বাবু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।

নিহত শহিদুল রানা বাবুর বাসা নগরীর লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও হোটেল সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে হোটেল কপোতাক্ষ আবাসিকের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, নিহতের স্ত্রী ফাতেমা তার গলায় ওড়না পেঁচিয়ে প্রায় ২০ মিনিট ধরে টেনে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
পরে ফাতেমা হোটেল কর্তৃপক্ষকে জানান, তিনি তার স্বামীকে হত্যা করেছেন। বিষয়টি জানতে পেরে হোটেল কর্তৃপক্ষ দ্রুত ওই কক্ষে গিয়ে শহিদুল রানা বাবুর মরদেহ দেখতে পান। এরপর জাতীয় জরুরি সেবা *৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানানো হয়।*
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী ফাতেমাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে *কী কারণে তিনি তার স্বামীকে হত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।* দাম্পত্য কলহ, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য আরও স্পষ্ট হবে।
ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।