মাদকের টাকা জোগাড় করতে নিজের মা-বাবা, স্ত্রী, সন্তান, ভাই-বোনকেও হত্যার মতো ঘটনাও অহরহ ঘটছে উল্লেখ করে তিনি বলেন, মাদক এখন বহুমাত্রিক সামাজিক সংকটে পরিণত হচ্ছে। ইয়াবা এখন শহর থেকে গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। অনলাইনে অর্ডার দিলে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য। মাদক কারবারিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। ক্ষমতার পালাবদলের সঙ্গে তারা নিজেদের রাজনৈতিক রং পালটে মাদক ব্যবসাসহ নানা ধরণের অপরাধ করে থাকে।
তিনি আরো বলেন, বিগত শাসনামলে যারা মাদক কারবারিসহ নানা ধরনের অপকর্ম করেছে, তারাই এখনো মাদক কারবারসহ সন্ত্রাস, চাঁদাবাজি, মব সন্ত্রাসের সঙ্গে যুক্ত। আমাদের তরুণ-যুবকরা মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ুক, তা আমরা চাই না। আমরা চাই, আমাদের কিশোর তরুণরা লেখাপড়া করবে, গবেষণা করবে, রোবোটিক যুগে প্রবেশ করবে, কৃত্তিমবুদ্ধিমত্তা নিয়ে কাজ করবে।
‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলন বেশি কার্যকর’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধীদল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজকে পরাজিত করে সরকারি দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জামিউল আহসান শিপু, সাংবাদিক নাদিয়া শারমিন, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।