আল আমিন (নওগাঁ) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় ও দুস্থ নারীদের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাড়ি বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এসব শাড়ি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সহসভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও সাবেক ছাত্রনেতা জামিল হোসেন প্রামাণিক।
এ ছাড়া ঠাকুরমান্দা শ্রীশ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, প্রসাদপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোজিৎ কুমার সরকার, আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।