সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলী স্বরূপ কান্তি বিশ্বাসের স্ত্রী ও একমাত্র ছেলে অরিত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত স্বরূপ বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে আবুধাবির আল আইন রোডের আল ওয়াতবা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্বরূপ বিশ্বাসের স্ত্রী অসীমা চৌধুরী ও তাদের ১৫ বছর বয়সী ছেলে অরিত্র বিশ্বাস।চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলের অধিবাসী স্বরূপ বিশ্বাস ও উনার স্ত্রী অসীমা বিশ্বাস আবুধাবির বাঙালি কমিউনিটির পরিচিত মুখ।অসীমা চৌধুরীর পৈতৃক নিবাস চট্টগ্রামের রাউজানে। এ দম্পতির আরো এক মেয়ে রয়েছে।জানা গেছে, পরিবার নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের গাড়িটিকে পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অসীমা চৌধুরী ও তার ছেলে অরিত্র বিশ্বাসের মৃত্যু হয়। গাড়ির চালকের আসনে থাকা স্বরূপ বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন।নিহত মা ও ছেলের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস কেন্দ্রীয় মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর বিষয়ে কমিউনিটি নেতারা ও স্বজনেরা কাজ করছেন।