কানাডার গাড়ি ও ইস্পাতে শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র, সমঝোতায় দুই দেশ
Syed Asaduzzaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ কাটিয়ে একটি সমঝোতা চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রস্তাবিত এই চুক্তির আওতায় কানাডায় তৈরি গাড়ি, ট্রাক, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডীয় পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের সময়সীমা পিছিয়ে শনিবার (২২ আগস্ট) পর্যন্ত নির্ধারণ করেছেন। তিনি সাংবাদিকদের জানান, দুই দেশ একটি ইতিবাচক চুক্তির দিকে এগোচ্ছে। প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্যিক লেনদেনকে কেন্দ্র করে দুই দেশের আলোচকরা এখন চূড়ান্ত খসড়া তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
সূত্র অনুযায়ী, চুক্তিতে কানাডায় নির্মিত গাড়ি ও ট্রাকের ওপর বর্তমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে, যা একটি নির্দিষ্ট কোটা ব্যবস্থার অধীনে পরিচালিত হবে।
এর জবাবে কানাডার বিভিন্ন প্রদেশে মার্কিন মদের ওপর থাকা বিধিনিষেধ তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, এই সমঝোতা কার্যকর হলে উভয় দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক টানাপোড়েন বহুলাংশে কমে আসবে।