সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অন্য ব্যাক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।