বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান চন্দন। তিনি বলেন, তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে আজ কটিয়াদীবাসীর জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন। প্রিয় নেতাকে বরণ করে নিতে পুরো উপজেলা ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি বলেন, এই আনন্দ মিছিল শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; এটি কটিয়াদীর মানুষের দীর্ঘদিনের ভালোবাসা, আবেগ ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার বহিঃপ্রকাশ।
তারেক রহমানের আগমন কটিয়াদী-পাকুন্দিয়ার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নুরুজ্জামান চন্দন।
এদিকে দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়। এ সময় তিনি বলেন, “একটি গাছ, একটি প্রাণ; সবুজ দেশ আমাদের আমানত।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে কটিয়াদীকে একটি আধুনিক, মডেল ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন জালালকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নুরুজ্জামান চন্দন। তিনি বলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই কটিয়াদী-পাকুন্দিয়ায় তারেক রহমানের আগমনের ব্যবস্থা করায় সংসদ সদস্যের প্রতি কটিয়াদীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে কটিয়াদীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।