গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি দেশের পরিবর্তন ও সংস্কারের জন্য গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদের বলেছিলাম, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংস্কার হবে।
তিনি আরও বলেন, এই সরকারকে আমরা একটি প্রতারক সরকার বলতে পারি। একটি বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। যারা এই দেশের জনগণের সঙ্গে, জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে, হাজারো শহিদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় এসেছে।
এনসিপির আহ্বায়ক বলেন, মাত্র পাঁচ মাসে বাংলাদেশের ইতিহাসে লোডশেডিংয়ের সব রেকর্ড ভেঙেছে সরকার। আমরা ২০০১ থেকে ২০০৬ সালের ইতিহাস জানি।