খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব, গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সম্মাননা ও মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কেএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার দায়িত্ব পালনে সতর্কতা, সাহস ও দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার পাশাপাশি মাঠপর্যায়ের সদস্যদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে কমিশনার সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। একই সঙ্গে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং বেসিক পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
জনগণের সঙ্গে ধৈর্য, ভদ্রতা ও সুন্দর আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গত এক মাসে প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য একজন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), পাঁচজন সার্জেন্ট/টিএসআই, পাঁচজন এটিএসআই এবং ২০ জন কনস্টেবলসহ মোট ৩১ জনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।
পরে মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে ট্রাফিক বিভাগে কর্মরত সদস্যদের মধ্যে চারটি মোটরসাইকেল হস্তান্তর করেন পুলিশ কমিশনার।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।