নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীরতায় ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার (২৬ আগষ্ট) সকাল থেকেই দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে নানা ধর্মীয় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর আলোচনা সভা, কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল।
এর মধ্যে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে, রাসূলুল্লাহ্ (স.) এর জীবনের শিক্ষা ও তাঁর মহান চরিত্রের ওপর আলোচনা করা হয়। এতে মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সহ:অধ্যাপক আব্দুল আজিজ, প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন, তোবারক হোসেন খোকন বিশ্ব নবীর জীবনী নিয়ে আলোচনা করেন।
এছাড়া, পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা, এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিরিশিরি পার্সি চার্চ নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন, সুসং সরকারি মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওই অনুষ্ঠান গুলোতে ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য ও নবীজির আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মহানবী (স.) এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।