পছন্দের বলিউড কিংবা হলিউড তারকার রূপরহস্য জানতে মুখিয়ে থাকেন দর্শক। সৌন্দর্য বাড়াতে কারা ফিলার কিংবা বোটক্স করালেন, কারা প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নেন সেসব জানতে চান অনেকেই। বলিউড থেকে হলিউডে নিজের সৌন্দর্য ও ব্যক্তিত্বের জন্য পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের সৌন্দর্যচর্চা নিয়েও নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এর প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে, প্রিয়াঙ্কার সৌন্দর্যের গোপন রহস্য। জেনে অবাক হবেন এ অভিনেত্রীর উজ্জ্বল ত্বকের রহস্য কোনো দামি প্রসাধনী বা জটিল স্কিনকেয়ার রুটিন নয়। তাঁর মা মধুর পরামর্শে তিনি ঘরোয়া ও প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেন।
প্রিয়াঙ্কার মা দীর্ঘদিন ধরেই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে আসছেন। তাঁর মতে, ত্বক ভালো রাখতে সবসময় দামি ফেসওয়াশ বা কেমিক্যাল সমৃদ্ধ পণ্যের প্রয়োজন হয় না। বরং সহজ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসপ্যাকই ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখতে সাহায্য করতে পারে।
প্রিয়াঙ্কা সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত পানি পান করেন। পানি শরীরকে হাইড্রেটেড রাখে। ত্বককে ভেতর থেকে সতেজ ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে। এছাড়া ত্বক ভালো রাখতে অপ্রয়োজনীয় মেকআপ এড়িয়ে চলেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ সম্পূর্ণ তুলে ফেলেন তিনি।