কপালে কালো টিপ দিলে কি বদনজর থেকে রক্ষা পাওয়া যায়?
পবিত্র কোরআন ও সহিহ হাদিসে কোথাও শিশুর কপালে কালো টিপ, গালে কালি বা কালো দাগ দেওয়ার মাধ্যমে বদনজর থেকে রক্ষা পাওয়ার কোনো নির্দেশ নেই। এ ধরনের বিশ্বাসের কোনো শরয়ি ভিত্তি নেই।
আর তিনি যদি তোমার জন্য কল্যাণ চান, তবে তাঁর অনুগ্রহ প্রতিহত করারও কেউ নেই।’ (সুরা : আনআম, আয়াত : ১৭)
বদনজর থেকে বাঁচার দোয়া
রাসুলুল্লাহ (সা.) তাঁর প্রিয় নাতি হাসান ও হুসাইন (রাদিয়াল্লাহু আনহুমা)-এর জন্য এ দোয়া পড়তেন—
أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ : উঈযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইত্বানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
অর্থ : ‘আমি তোমাদের জন্য আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (সহিহ বুখারি, হাদিস : ৩৩৭১)
আরও যেসব আমল সুন্নাহ থেকে প্রমাণিত
বদনজর ও সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য নিয়মিত—
১. আয়াতুল কুরসি (সুরা বাকারা : ২৫৫) পাঠ করা।
২. সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস (তিন কুল) সকাল-সন্ধ্যায় এবং ঘুমের আগে পড়া।
৩. সকাল-সন্ধ্যার মাসনূন যিকির ও দোয়া নিয়মিত আদায় করা।
৪. আল্লাহর ওপর পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখা।
এসবই পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত নিরাপত্তার উপায়।
বদনজর একটি বাস্তব বিষয় এবং ইসলাম তা স্বীকার করেছে। কিন্তু বদনজর থেকে রক্ষার জন্য শিশুর কপালে কালো টিপ দেওয়া, কালি লাগানো বা এ ধরনের লোকাচারের ওপর নির্ভর করার কোনো শরয়ি ভিত্তি নেই। একজন মুমিনের বিশ্বাস হওয়া উচিত—উপকার ও ক্ষতির একমাত্র মালিক আল্লাহ তাআলা। তাই কুসংস্কার, লোকবিশ্বাস কিংবা ধর্মীয় ভিত্তিহীন প্রথার পরিবর্তে কোরআন ও সুন্নাহর শিক্ষা অনুযায়ী দোয়া, জিকির, আয়াতুল কুরসি, তিন কুল এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুলই একজন মুসলিমের প্রকৃত আশ্রয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের সব ধরনের বদনজর, শয়তানের অনিষ্ট, বিপদ-আপদ ও সকল অকল্যাণ থেকে হেফাজত করুন। আমিন।