কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ১’শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নয়ন মিয়া নামে এক ব্যক্তি আটক হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন রামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার একটি পুলিশ দল রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তার বসতঘরের মাটির নিচে তল্লাশি চালিয়ে ১’শ ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নয়ন মিয়া রামপুর গ্রামের মৃত আবুল কাশেম ও মোছা. কুলসুম আক্তারের ছেলে।
স্থানীয়দের দাবি, নয়ন পেশায় একজন প্রাইভেটকার চালক এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।