সময় সংকোচনের সামাজিক প্রভাব
সময় দ্রুত চলে যাওয়ার অনুভূতি শুধু ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও নৈতিক জীবনে প্রভাব ফেলে। ইবাদত বা আমলে প্রতিরোধ তৈরি করে : মানুষের মনে হয় সময় নেই, তাই ইবাদত ও সৎকর্মে উদাসীনতা বৃদ্ধি পায়।
অলসতা ও উদাসীনতা তৈরি করে : দ্রুত অতিক্রান্ত সময় মানুষকে উদ্বেগে ফেলে দেয়। জীবনের মূল্য বোঝার আগেই দিনগুলো চলে যায়।
অবহেলা ও নৈতিক অবক্ষয় সৃষ্টি করে : মানুষ প্রতিদিনকার কাজে ব্যস্ত, কিন্তু নৈতিকতা, জ্ঞান ও সম্পর্কের দিকে মনোযোগ কমে যায়। উদাহরণস্বরূপ আজকের শহুরে জীবন দেখা যেতে পারে। যেখানে মানুষ দিনের অর্ধেক সময় নানা ডিভাইস ও সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। প্রকৃত অর্থে সময়ের ব্যবস্থাপনা করা সম্ভব হচ্ছে না। এটি নবীজির পূর্বাভাসেরই বাস্তব প্রতিফলন।
আধুনিক যুগে প্রাসঙ্গিকতা
আজকের প্রযুক্তিনির্ভর জীবন, দ্রুত যাত্রা, তথ্যপ্রবাহ ও ডিজিটাল উৎকর্ষের যুগে মানুষ প্রকৃত অর্থে সময়ের সংকোচন অনুভব করছে। অফিস, যানজট, ইন্টারনেট, কাজের চাপ—সবই দিনকে ছোট করছে। এ ক্ষেত্রে সময়ের সংকোচন নিয়ে মহানবী (সা.)-এর সতর্কবাণী আমাদের নির্দেশনা প্রদান করে যে দুনিয়ার ক্ষণস্থায়ী কাজের মাঝে হারিয়ে যেয়ো না। বরং মুমিনদের করণীয় হলো, (এক) ইবাদত ও আমলকে অগ্রাধিকার দেওয়া। এ জন্য নামাজ, দোয়া, কোরআন তিলাওয়াত, নফল ইবাদতে বেশি বেশি লেগে থাকা। (দুই) সময় ব্যবস্থাপনায় সচেতনতা অবলস্বন করা। প্রতিদিনের কাজকে পরিকল্পিতভাবে করা; অলসতা এড়িয়ে চলা। (তিন) নৈতিক ও সামাজিক দায়িত্ব পালনে ত্বরান্বিত হওয়া। পরিবার, সমাজ ও শিক্ষা ক্ষেত্রে অবহেলা না করা।
আজকের জীবনে আমরা যখন সময়কে দ্রুত অতিক্রম করি, তখন নবীজির এই সতর্কবাণী আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ। তাই মুমিনের দায়িত্ব হলো সময়কে নষ্ট না করে কল্যাণে ব্যয় করা।
আল্লাহ আমাদের সবাইকে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সময়কে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমিন।