কিয়ামতের দিন যাদের হিসাব সহজ হবে, তারা কতই না ভাগ্যবান। কারণ আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেছেন, কিয়ামতের দিন যারই হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। [আয়েশা (রা.) বলেন] আমি বললাম, হে আল্লাহর রাসুল, আল্লাহ কি বলেননি, ‘অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজভাবেই নেওয়া হবে’। অতঃপর রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তা কেবল পেশ করা মাত্র।কিয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আজাব দেওয়া হবে।’ (বুখারি, হাদিস : ৬৫৩৭)
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘আমার উম্মতের সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।’ লোকেরা জিজ্ঞেস করল, তারা কারা, হে আল্লাহর রাসুল (সা.)? তিনি বললেন, যারা ক্ষতস্থানে লোহা পুড়ে লাগায় না এবং (জাহিলী যুগের ন্যায়) ঝাড়ফুঁক বা মন্ত্রের দ্বারা চিকিৎসা কামনা করে না; বরং তারা আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে। (মুসলিম, হাদিস : ৪১২)
এ জন্য সব বিষয়ে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করা ও সব কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা মুমিনের কর্তব্য। পাশাপাশি মহান আল্লাহর রহমতের আশাও রাখতে হবে। কারণ কিয়ামতের দিন মহান আল্লাহ তাঁর কিছু বান্দাকে খুব সহজে পার করে দেবেন। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহ মুমিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার ওপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নেবেন। তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জান? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার রব! এভাবে তিনি তার কাছ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নেবেন। আর সে মনে করবে যে তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা বলবেন, ‘আমি পৃথিবীতে তোমার পাপ গোপন রেখেছিলাম। আর আজ আমি তা মাফ করে দেব।’
তারপর তার নেক আমলনামা তাকে দেওয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, জালিমদের ওপর আল্লাহর অভিসম্পাত। (বুখারি, হাদিস : ২৪৪১)
তাই কুফর ও শিরক থেকে নিজেদের দূরে রাখতে হবে। গুনাহ ছাড়তে হবে। গুনাহ হয়ে গেলে গোপনে মহান আল্লাহর কাছে তাওবা করে নিতে হবে। দম্ভভরে নিজের ও অন্যের গুনাহ প্রকাশ করে বেড়ানোও আরেকটি গুনাহ। আর তা গোপন রাখা আল্লাহর ক্ষমা লাভের একটি বড় উপায় হতে পারে।
হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে আমার সয উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে কোনো লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক, আমি আজ রাতে এই এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার ওপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল। (বুখারি, হাদিস : ৬০৬৯)
অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে লোক কোনো ঈমানদারের দুনিয়া থেকে কোনো মুসিবত দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার থেকে মুসিবত সরিয়ে দেবেন। যে লোক কোনো দুস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন। যে লোক কোনো মুসলিমের দোষত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। (মুসলিম, হাদিস : ৬৭৪৬)
তাই গুনাহ হয়ে গেলে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে এবং তা গোপন রাখতে হবে। পাশাপাশি ঈমানের ওপর অটল থাকতে হবে। কারণ কিয়ামতের দিন কলেমার পাল্লা এত ভারি হবে যে তার সামনে পাহাড়সম গুনাহও হালকা হয়ে যাবে। (তিরমিজি, হাদিস : ২৬৩৯)’
এ ছাড়া বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ মহান আল্লাহ বান্দার হক মাফ করবেন না। মহান আল্লাহ আমাদের সবার হিসাবকে সহজ করুন।