বর্তমান সময়ে মানসিক চাপ, অনিয়মিত জীবনযাত্রা ও ঘুমানোর আগে মোবাইল ব্যবহারের কারণে কোটি কোটি মানুষ অনিদ্রার সমস্যায় ভুগছেন। বিছানায় শুয়েও ঘণ্টার পর ঘণ্টা চোখের পাতায় ঘুম আসে না অনেকের।
এই সমস্যার সমাধানে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মিলিটারি স্লিপ মেথড’ বা সামরিক ঘুমের পদ্ধতি। এই বিশেষ রিল্যাক্সেশন টেকনিকটি মাত্র দুই মিনিটে মানুষকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে।
‘মিলিটারি স্লিপ মেথড’ আসলে কী?
এটি মূলত শরীর ও মনকে দ্রুত শিথিল বা শান্ত করার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। প্রচলিত আছে, যুদ্ধক্ষেত্রে যেকোনো প্রতিকূল পরিবেশ, তীব্র কোলাহল ও প্রচণ্ড মানসিক চাপের মধ্যেও সেনাদের দ্রুত বিশ্রামের জন্য এই বিশেষ পদ্ধতিটি তৈরি করা হয়েছিল।
জোর করে ঘুমানোর চেষ্টা না করে, এই পদ্ধতিতে শরীরের শারীরিক ক্লান্তি ও মনের উত্তেজনা দূর করার ওপর জোর দেওয়া হয়। ফলে শরীর প্রাকৃতিকভাবেই দ্রুত ঘুমের কোলে ঢলে পড়ে।
এই পদ্ধতিটি ধাপে ধাপে অনুশীলন করতে হয়:
পরিবেশ ঠিক করা: প্রথমে ঘরের আলো নিভিয়ে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখুন এবং বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ুন।
মুখের পেশি শিথিল করা: চোখের চারপাশ, চোয়াল ও মুখের সমস্ত পেশি একদম আলগা বা শিথিল করে দিন।
কাঁধ ও হাত নামিয়ে দেওয়া: কাঁধের ওপর কোনো চাপ না রেখে তা যতটা সম্ভব নিচের দিকে নামিয়ে দিন। হাত দুটিকে শরীরের দুই পাশে আলগা করে রাখুন।
পায়ের পেশি আলগা করা: একইভাবে উরু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত প্রতিটি পেশি শিথিল করুন।
শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ: এবার ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। বুক হালকা করার সাথে সাথে মাথার ভেতরের সমস্ত চিন্তা বা মানসিক চাপ দূর করার চেষ্টা করুন।
এই পদ্ধতিটি প্রথম দিনেই সবার ক্ষেত্রে সমানভাবে কাজ নাও করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভালো ঘুমের জন্য ‘স্লিপ হাইজিন’ মেনে চলা জরুরি। এর জন্য ঘুমানোর অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা আগে চা-কফি এড়িয়ে চলা এবং বিছানায় শুয়ে মোবাইল ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ করা উচিত। তবে নিয়মিত চর্চা করলে এই মিলিটারি মেথড অনিদ্রার সমস্যা দূর করতে দারুণ কার্যকর হতে পারে।
এ ক্যাটাগরির আরো নিউজ..