ক্রিকেট মাঠে ব্যাট হাতে ঝড় তুলেই আলোচনায় ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তবে এবার তার পারফরম্যান্সের চেয়ে বয়স নিয়েই বড় প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।
তিনি বলেন, ‘১৫ বছর বয়সী কোনো ক্রিকেটারের পক্ষে এভাবে ছক্কা মারা সম্ভব নয়।’ সূর্যবংশীর শারীরিক গঠন ও শক্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এমনকি তার বয়স পরীক্ষা করারও দাবি জানান এই সাবেক ক্রিকেটার।
তবে সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক নতুন নয়। সরকারি নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ মার্চ তার জন্ম। কিন্তু ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ওই বছরের ২৭ সেপ্টেম্বর তার বয়স ১৪ বছর হবে। জন্মতারিখের সঙ্গে এই বক্তব্যের অসংগতির কারণে তখন থেকেই প্রশ্ন ওঠে।
অভিযোগের জবাবে সূর্যবংশীর বাবা সঞ্জীব জানিয়েছিলেন, ছেলে বিসিসিআইয়ের বয়স পরীক্ষায় অংশ নিয়েছে। আট বছর বয়সেই প্রথমবার এই পরীক্ষা দিয়েছিল সে। প্রয়োজনে আবারও পরীক্ষা দিতে প্রস্তুত।