চট্টগ্রামে রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ওষুধ কালোবাজারি করে খোলাবাজারে বিক্রির অভিযোগে আবদুর নূর নামে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডিত নূর নগরীর কোতোয়ালি থানার দামপাড়া এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি মোরশেদুল ইসলাম রোকন জানান, বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আসামি নূরকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক হওয়া সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। ২০১৩ সালের ২৫ মার্চ নগরীর কোতোয়ালি থানার কেসিদে রোডে সিনেমা প্যালেসের সামনে তৎকালীন এসআই কাজী মাসুদ ইবনে আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে আবদুল অভিযুক্ত নূরকে গ্রেপ্তার করে। তার কাছে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) উৎপাদিত ছয় ধরনের প্রায় ২ হাজার পিস ওষুধ পাওয়া যায়। ইডিসিএল-এ উৎপাদিত ওষুধ শুধুমাত্র সরকারি হাসপাতালের রোগীদের বিনামূল্যে এবং ক্ষেত্র বিশেষে ন্যায্যমূল্যে সরবরাহের জন্য তৈরি করা হয়। কিন্তু আবদুল নূরসহ একটি চক্র অবৈধ পথে সেসব ওষুধ বের করে খোলাবাজারে বিক্রি করে বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে আবদুল নূরের বিরুদ্ধে এসআই কাজী মাসুদ ইবনে আনোয়ার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে চার্জশিট দেন এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া। ২০১৪ সালের ১১ মার্চ অভিযোগ গঠন করে আসামির বিচার শুরু করে আদালত। দীর্ঘ আটজনের মধ্যে চারজনের সাক্ষ্য শেষে আজ বৃহস্পতিবার এ রায় দেন আদালত।