খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বাস্তহারা এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টির সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে যান গণমাধ্যমকর্মীরা। অভিযোগের তীর খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের দিকে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ওই কিশোরীর নাম তোহা। তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শহিদুল ইসলামের ভাই মহিদুল ইসলামের ছেলে সৌরভের সঙ্গে ইজিবাইক চালক বাদশের মেয়ে তোহার প্রায় তিন বছরের সম্পর্ক রয়েছে।
অভিযোগ রয়েছে, গত ২০ জুলাই দুপুর আনুমানিক ১২টার দিকে তোহা মহিদুল ইসলামের বাড়িতে যায়। এরপর থেকে তাকে ওই বাড়িতে রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য, কিশোরীকে জোরপূর্বক আটকে রাখা হয়নি। অপরদিকে কিশোরীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত তথ্যচিত্র দেখুন খুলনা জেলা প্রতিনিধি ফাহিম ইসলামের প্রতিবেদনে।