সৌদি প্রো লিগে আল নাসরের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে সামাজিক মাধ্যমে মজার ছলে খোঁচা দিয়েছে আল ইত্তিহাদ। ম্যাচ চলাকালে প্রতিপক্ষের কৌশল জানার কৌতূহলে রোনালদো আল ইত্তিহাদের ডিফেন্ডার দানিলো পেরেইরার হাতে থাকা একটি নোট উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন।
বিষয়টি ক্যামেরায় ধরা পড়ার পর মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ঘটনাটি ঘটে পরশু রাতে ম্যাচের শেষ দিকে। আল ইত্তিহাদের কোচ ইয়েন্স ভিসিং দানিলোর হাতে কিছু কৌশলগত নির্দেশনা পাঠান। দানিলো কাগজটি পড়ার সময় তার পেছনে গিয়ে রোনালদো সেটি দেখার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে দানিলোও হাসতে থাকেন। পুরো ঘটনাটিই ছিল মজার মুহূর্তের মতো।তবে ম্যাচ শেষে সেই ঘটনাকেই রোনালদোর বিরুদ্ধে মজার অস্ত্র হিসেবে ব্যবহার করে আল ইত্তিহাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো ও দানিলোর একটি ছবি প্রকাশ করে ক্লাবটি লেখে, ‘প্রতারণা করেও হার!’ পোস্টটি দ্রুতই আলোচনায় আসে।
জেদ্দায় ম্যাচের শুরুতেই চাপে পড়ে আল নাসর। ২২ মিনিটের মধ্যেই জর্জ ইলেনিখেনার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল ইত্তিহাদ।
বিরতির আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দারুণ সমন্বয়ের পর ব্যবধান কমান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালায় আল নাসর। রোনালদোও গোলের সুযোগ তৈরি করেন।তার একটি শট দারুণভাবে ঠেকিয়ে দেন আল-ইত্তিহাদের গোলকিপার। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় আল নাসরকে।এই হারে মৌসুমে লিগে প্রথমবারের মতো পয়েন্ট খোয়ায় আল-নাসর। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ১৫।