নেত্রকোণা প্রতিনিধি:নেত্রকোণার কেন্দুয়া পৌর ও মাসকা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার সেনের বাজার থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নারীসহ তিনজনকে আটক করে কেন্দুয়া থানা পুলিশ।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সেনের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।গ্রেপ্তারকৃতরা হল, উপজেলার মাসকা ইউনিয়নের কীর্তনখলা গ্রামের মৃত কালা মিয়া মেম্বারের ছেলে হাওয়াল মিয়া (৪২), বালিজুড়া গ্রামের আব্দুর আওয়ালের ছেলে বিল্লাল (৪৮) এবং নেত্রকোণা সদর উপজেলার কুড়পাড় এলাকার মহব্বত আলীর মেয়ে স্মৃতি আক্তার (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।