খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ২২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৯৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে খুলনা রেঞ্জ পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের প্রেস ও মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন জেলায় বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে মোট ২২০ জনকে গ্রেপ্তার করা হয়।
জেলাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—খুলনায় ৩৫ জন, বাগেরহাটে ১২ জন, সাতক্ষীরায় ১৬ জন, যশোরে ২৯ জন, ঝিনাইদহে ৪৪ জন, মাগুরায় ১১ জন, নড়াইলে ১৯ জন, কুষ্টিয়ায় ২৬ জন, চুয়াডাঙ্গায় ২০ জন এবং মেহেরপুরে ৮ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি ৪৪ জন গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহে। এরপর খুলনায় ৩৫ জন, যশোরে ২৯ জন এবং কুষ্টিয়ায় ২৬ জন গ্রেপ্তার হয়েছেন। সবচেয়ে কম ৮ জন গ্রেপ্তার হয়েছেন মেহেরপুরে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পৃথক অভিযোগ ও মামলার বিস্তারিত তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
খুলনা রেঞ্জ পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করার পাশাপাশি জনমনে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনগত চ্যালেঞ্জ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।