নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লকডাউন ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাইক শোডাউন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। রোববার(২০সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান ২ থেকে বাসিতের নেতৃত্বে বাইক শোডাউন শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে গিয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।
শোডাউনে দেড় শতাধিক মোটর সাইকেলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এ সময় নেতাকর্মীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে দেখা যায়।বাইক শোডাউন সম্পর্কে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, কার্যক্রম নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠনের গুন্ডা বাহিনী গুপ্তভাবে হামলা করছে। স্বাভাবিক জনজীবনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, ছাত্রদলের নেতাকর্মীরা থাকতে, তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না।
রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লকডাউনকে ঘিরে দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লকডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগকে মাঠে মিছিল মিটিং করতে দেখা যায়নি।
সকাল থেকে অপ্রীতিকর কোন ঘটনা না ঘটলে দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর বিশেষভাবে সুপ্রিম কোর্ট এলাকায় চেকপোস্ট বসানো হয়। আগের দিন রাতেও নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট চোখে পড়ে।