শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
Syed Asaduzzaman
/ ৩
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি যেকোনো ধরনের বৈষম্যমূলক ও পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে দিনব্যাপী ‘ইন্ডাকশন ওয়ার্কশপ ফর নিউলি রিক্রুটেড ফ্যাকাল্টি মেম্বারস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৮ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নবীন শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি বড় দায়িত্ব। ক্লাসে পাঠদানের জন্য শিক্ষকদের পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং জ্ঞানে সমৃদ্ধ হতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মুস্তাক ইবনে আয়ূব।