সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে আইজেএমের সঙ্গে কাজ করবে পুলিশ
Syed Asaduzzaman
/ ৬
ভিউ:
হালনাগাদ:
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন:
সংঘবদ্ধ অপরাধ ও মানবপাচার প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ। এ ছাড়া ডিজিটাল আর্থিক অপরাধ তদন্ত এবং মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও সুরক্ষায় পুলিশের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদরদপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে এসব বিষয়ে ঐকমত্য হয়।
সাক্ষাতে মানবপাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে আইজেএমের যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশ পুলিশের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে সিআইডির কর্মকর্তাদের দক্ষতা ও তদন্তের সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেনিং স্কুলে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের এসব বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে।
সাক্ষাৎ শেষে পুলিশ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্ত বিষয়ে দুই ঘণ্টাব্যাপী একটি বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ভবিষ্যৎ কৌশলগত অংশীদারির আওতায় পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, ডিজিটাল আর্থিক অপরাধ তদন্তে কারিগরি সহায়তা দেওয়া এবং মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা হয়।