খলিফা হজরত ওমর (রা.)-এর খেলাফতকালে বসরা গুরুত্বপূর্ণ নগর হিসেবে গড়ে উঠলে আবু মুসা (রা.)-কে সেখানকার দায়িত্ব দেওয়া হয়। তিনি প্রশাসক হিসেবে শুধু মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাননি; বরং তাঁদের কল্যাণ নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করতেন। তিনি দায়িত্বগ্রহণ কালে বসরার মানুষের অন্যতম সমস্যা ছিল পানির সংকট। আবু মুসা (রা.) এই সমস্যা দূর করার উদ্যোগ নেন। দজলা নদী থেকে খাল কেটে বসরা শহর পর্যন্ত পানি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। যা পরবর্তী সময়ে ‘নহরে আবি মুসা’ নামে পরিচিতি লাভ করে।
তিনি ছিলেন জ্ঞানী, কিন্তু অহংকারী ছিলেন না। তিনি ছিলেন প্রশাসক, কিন্তু মানুষের সমস্যা থেকে দূরে থাকেননি। তিনি ছিলেন বিচারক, কিন্তু নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করেননি। তিনি ছিলেন কোরআনের কারি, কিন্তু শুধু নিজের জন্য তিলাওয়াত করেননি—অন্যদেরও কোরআনের শিক্ষা দিয়েছেন। এ কারণেই তাঁর জীবন আজও মুসলিমদের জন্য অনুকরণীয়।