খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার কয়রা উপজেলায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের আওতায় উপজেলার দুই হাজার রোগীর চক্ষু পরীক্ষা এবং পাঁচশ রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কয়রা খুলনা জেলার একটি উপকূলীয় উপজেলা। এ অঞ্চলের অধিকাংশ মানুষ মৎস্য আহরণ ও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। নিম্নআয়ের মানুষের বসবাস বেশি হওয়ায় চিকিৎসাসেবার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে অর্থের অভাবে অনেকেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না।
এ অবস্থায় কয়রা ও পাইকগাছার মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ নিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হলেও নির্বাচনের পরও কয়রা ও পাইকগাছার মানুষের পাশে থেকে কাজ করার ঘোষণা দেন মনিরুল হাসান বাপ্পী। পরবর্তীতে সরকার তাকে খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
এরই ধারাবাহিকতায় ১২ জন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জনের মাধ্যমে এ চিকিৎসা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের দেবাশীষ রায় ঝলক সম্পৃক্ত রয়েছেন।
প্রাথমিক পর্যায়ে কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগীদের চক্ষু পরীক্ষা করা হবে। পরীক্ষায় ছানি আক্রান্ত রোগীদের পরবর্তীতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি রোগীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধও দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কার্যক্রমের মাধ্যমে কয়রা উপজেলার দুই হাজার রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানোর সুযোগ পাবেন। এর মধ্যে ছানি আক্রান্ত পাঁচশ রোগীর চোখের অপারেশন বিনামূল্যে করা হবে।
খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেন, “মানবতার সেবা ও মানুষের কল্যাণে আমরা কাজ করছি। সুবিধাবঞ্চিত কয়রা অঞ্চলের অসহায় ও স্বল্পআয়ের মানুষ, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তাদের জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মানবতার সেবায় চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছি। এ ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকরা নিজেদের মেধা ও দক্ষতাকে মানবতার কল্যাণে কাজে লাগাচ্ছেন। ডাক্তার ও স্বেচ্ছাসেবীসহ যারা এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
মনিরুল হাসান বাপ্পী বলেন, গরিব, অসহায় ও অর্থের অভাবে চিকিৎসা নিতে অক্ষম মানুষের জন্য কয়রা উপজেলার ইউনিয়নভিত্তিক বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, “কয়রা-পাইকগাছার মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জাসহ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই উন্নয়নবঞ্চিত থাকবে না। আমি এ অঞ্চলের উন্নয়নে কাজ করে যাব। ইতোমধ্যে অনেক বরাদ্দ দিয়েছি। অচিরেই অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নেও আর্থিক বরাদ্দ দেওয়া হবে।