গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব চান্দুরা আকুলিচালা মাঠে এক বিশাল ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় হাজার হাজার দর্শকের পাশাপাশি কালিয়াকৈরের বিভিন্ন স্কুলের বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তরুণ প্রজন্মের এমন উপস্থিতি মাঠের পরিবেশকে করে তোলে প্রাণবন্ত।
উক্ত জমজমাট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় এবং কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা সায়েজুদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে মেয়র পদপ্রার্থী সায়েজুদ্দিন তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “মাদক থেকে দূরে থাকুন, নিয়মিত খেলাধুলা করুন এবং শরীর ও মন ভালো রাখুন। আমাদের সমাজকে ভালো রাখতে হলে তরুণদেরই এগিয়ে আসতে হবে।” এছাড়া অন্যান্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও খেলাধুলার প্রসারে এবং সমাজকে সুস্থ রাখতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এমন একটি চমৎকার ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন করায় আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।