খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মনজুরুল ইসলাম ও ১৮ বছর বয়সী নাজমুল হোসেন।
বুধবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই যুবক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফুটবল খেলা শেষে আশিবিঘা কালভার্টের কাছে আড্ডা দিতে যাওয়ার সময় মনজুরুল ইসলামকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার শরীরে দুটি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনজুরুল ইসলাম আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
এর কিছুক্ষণ পর একই এলাকায় ১৮ বছর বয়সী নাজমুল হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুল স্থানীয় বাসিন্দা মনির শেখের ছেলে।
নাজমুলের বাবা মনির শেখ জানান, সন্ধ্যায় চুল কাটার পর বাড়ি ফেরার পথে কয়েকজন মুখোশধারী যুবক নাজমুলকে ডেকে আশিবিঘা কালভার্ট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণ বাঁচাতে নাজমুল দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, কী কারণে দুই যুবককে হত্যা করা হয়েছে এবং দুটি হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
এদিকে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুই যুবক হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।