অনেক মানুষ গুনাহের জন্য অনুতপ্ত হয়, কিন্তু যে কারণ তাকে গুনাহের দিকে নিয়ে যায়, সেটি দূর করে না। ফলে সুযোগ পেলেই সে আবার আগের অবস্থায় ফিরে যায়।
মানুষ তার পরিবেশ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। যে ব্যক্তি তওবা করার পরও এমন বন্ধু, আড্ডা বা পরিবেশে থাকে যেখানে গুনাহকে স্বাভাবিক ও আনন্দের বিষয় হিসেবে দেখা হয়, তার জন্য পবিত্র থাকা কঠিন হয়ে যায়।
কোনো গুনাহকে ছোট মনে করা অত্যন্ত বিপজ্জনক। অনেকেই বলে, ‘এটা তো সামান্য ব্যাপার’, ‘সবাই তো করে’, ‘একবার করলে কী হবে!’—এ ধরনের চিন্তাই মানুষকে আবার গুনাহের দিকে ঠেলে দেয়। মুমিনের উচিত গুনাহের আকারের দিকে নয়, বরং কার অবাধ্যতা করছি—সেদিকে তাকানো। ছোট গুনাহ বারবার করতে করতে অন্তর কঠিন হয়ে যেতে পারে। তাই সামান্য মনে হলেও গুনাহ থেকে সতর্ক থাকা জরুরি।
৪. প্রবৃত্তির লাগাম ছেড়ে দেওয়া
মানুষের নফস সব সময় তাকে সহজ, আনন্দদায়ক ও তাৎক্ষণিক সুখের দিকে টানে। অথচ তাকওয়ার জীবন অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে চলার দাবি রাখে। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস।’ (সুরা : নাজিআত, আয়াত : ৪০–৪১)
তাই তওবার পর নফসকে প্রশিক্ষণ দেওয়া জরুরি। শুধু গুনাহ ছেড়ে দিলেই হবে না; নিজেকে হালাল ও কল্যাণকর কাজে ব্যস্ত রাখতে হবে।
৫. শয়তানের ধোঁকা
শয়তান মানুষের পুরোনো দুর্বলতাগুলো জানে। সে কখনো গুনাহকে সুন্দর করে দেখায়, কখনো বলে—‘আরেকবার করো, এরপর তওবা করবে’, আবার কখনো গুনাহ হয়ে যাওয়ার পর বলে—‘তোমার আর কোনো আশা নেই।’ দুই কথাই শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। অতএব তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো।’ (সুরা : ফাতির, আয়াত : ৬)
তাই গুনাহ থেকে বাঁচতে হলে শয়তানের কৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে।
৬. তওবার পর ইবাদতে শৈথিল্য
অনেকেই গুনাহ করার পর আবেগপ্রবণ হয়ে তওবা করে, কয়েক দিন নামাজ, কোরআন, জিকির ও দোয়ায় মনোযোগী থাকে। এরপর ধীরে ধীরে আগের মতো অবহেলা শুরু হয়। ফলে অন্তর দুর্বল হয়ে আবার গুনাহের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
অতএব তওবার পর নামাজ, কোরআন, জিকির, দোয়া ও নেক আমল বাড়ানো তওবাকে শক্তিশালী করে।
৭. গুনাহের স্মৃতি ও পুরোনো অভ্যাস
কিছু গুনাহ মানুষের জীবনে অভ্যাসে পরিণত হয়। অভ্যাসের সঙ্গে যুক্ত থাকে নির্দিষ্ট সময়, স্থান, ব্যক্তি, ডিভাইস বা পরিস্থিতি। ফলে তওবা করার পরও একই পরিস্থিতি তৈরি হলে পুরোনো অভ্যাস সক্রিয় হয়ে যায়। এ জন্য তওবাকারীকে নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে হবে। কখন আমি সবচেয়ে বেশি দুর্বল হই? কোন জায়গায় গেলে সমস্যা হয়? কার সঙ্গে থাকলে গুনাহের প্রবণতা বাড়ে? কোন সময় মোবাইল ব্যবহার আমাকে বিপদে ফেলে?—এসব প্রশ্নের উত্তর খুঁজে ব্যবস্থা নিতে হবে।
৮. আল্লাহর রহমতের ওপর ভরসাকে গুনাহের লাইসেন্স বানানো
আল্লাহ ক্ষমাশীল—এটি মুমিনের জন্য আশার বিষয়। কিন্তু আল্লাহর রহমতের ওপর ভরসা করে ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে থাকা মারাত্মক ভুল। কেউ যদি মনে করে, ‘আগে গুনাহ করি, পরে তওবা করে নেব’—তাহলে সে তওবার মর্যাদা বুঝতে পারেনি। তবে গুনাহ হয়ে যাওয়ার পর কখনো যেন কেউ হতাশ না হয়। রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে এসেছে, এক বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন; সে আবার গুনাহ করে ক্ষমা চাইলে আল্লাহ আবারও ক্ষমা করেন। (সহিহ মুসলিম)
৯. তওবার পর হতাশ হয়ে যাওয়া
কেউ তওবা করার পর আবার ভুল করে ফেললে ভাবে—‘আমার তওবা তো কবুল হয়নি’, ‘আমি কখনো ভালো হতে পারব না।’ এরপর হতাশ হয়ে সে আরও বেশি গুনাহে জড়িয়ে পড়ে। এটি শয়তানের অন্যতম বড় ফাঁদ। আল্লাহ নিজেই বলেছেন, ‘আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা : জুমার, আয়াত : ৫৩)
অতএব কেউ তওবার পর আবার পড়ে গেলে তাকে আবার উঠতে হবে, আবার তওবা করতে হবে এবং নতুন করে পথ চলতে হবে।
১০. তওবাকে জীবন পরিবর্তনের সিদ্ধান্তে পরিণত না করা
তওবার প্রকৃত উদ্দেশ্য শুধু অতীতের গুনাহ মুছে ফেলা নয়; বরং ভবিষ্যৎ জীবনকে আল্লাহর আনুগত্যে পরিচালিত করা। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা : নুর, আয়াত : ৩১)
অর্থাৎ তওবা কোনো সাময়িক আবেগ নয়; এটি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। সবচেয়ে বড় কথা, বারবার পড়ে যাওয়া মানেই পরাজয় নয়; পড়ে গিয়ে আর না ওঠাই প্রকৃত পরাজয়। আল্লাহর দরজা তওবাকারীর জন্য খোলা। তাই গুনাহের পর লজ্জিত হয়ে ফিরে আসা, ফিরে এসে আবার চেষ্টা করা এবং আল্লাহর রহমতের ওপর দৃঢ় আস্থা রাখা—এটাই মুমিনের পথ। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি তওবা করার, তওবার ওপর অটল থাকার এবং বারবার গুনাহে ফিরে যাওয়া থেকে হেফাজত করুন। আমিন।