বলিউডের নারী তারকাদের মধ্যে সমসাময়িক সবাইকে পেছনে ফেলে ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি না পাওয়া সত্ত্বেও ৮৯.৪ মিলিয়ন ডলার (প্রায় ৮৯৪ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে তিনি নারী অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন।
দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানা বহুমাত্রিক সাফল্যের মধ্য দিয়ে উঠে এসেছেন ১২ নম্বর স্থানে। গত বছর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ‘ছাভা’, ‘সিকান্দার’, ‘কুবেড়া’, ‘থাম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো পাঁচটি ভিন্ন স্বাদের চলচ্চিত্রে অভিনয় করে তিনি ৭৫.২ মিলিয়ন ডলারের (৭১৪.৮৮ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য অর্জন করেন। তাকে অনুসরণ করে ১৩তম স্থানে রয়েছেন তার ‘সিকান্দার’ সহশিল্পী সালমান খান (৭৩.৬ মিলিয়ন ডলার বা ৭০০.৯৩ কোটি রুপি), যিনি ‘বিগ বস ১৮’ সঞ্চালনা এবং ‘বিয়িং হিউম্যান’-এর সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজের অবস্থান বজায় রেখেছেন। ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা ১৪তম অবস্থান দখল করার পর ১৫তম স্থানে নাম লিখিয়েছেন কারিনা কাপুর খান (৬১.৮০ মিলিয়ন ডলার বা ৫৮৭.৭২ কোটি রুপি)।
তালিকার পরবর্তী স্থানগুলোতে লড়াই জমে উঠেছে তরুণ ও অভিজ্ঞ তারকাদের মধ্যে। বক্স অফিসে শেষ মুহূর্তের ধাক্কা সত্ত্বেও ৫৯.৮০ মিলিয়ন ডলার (৫৭৮.৭৫ কোটি রুপি) ব্র্যান্ডমূল্য নিয়ে ১৬তম স্থানে রয়েছেন কার্তিক আরিয়ান। ১৭তম স্থানে থাকা কিয়ারা আদভানির ব্র্যান্ড মূল্য ৫১.৯০ মিলিয়ন ডলার (৪৯৪.১৩ কোটি রুপি)। ‘তেরে ইশক মে’ চলচ্চিত্রের দুর্দান্ত সাফল্যের ওপর ভর করে ৫০.২ মিলিয়ন ডলার (৪৭৯.৪৫ কোটি রুপি) মূল্যমান নিয়ে ১৮তম অবস্থান নিশ্চিত করেছেন কৃতি শ্যানন।
অন্যদিকে মিশ্র বাণিজ্যিক ফলাফলের মধ্য দিয়ে ৪৮.৫০ মিলিয়ন ডলার (৪৬১.১৩ কোটি রুপি) অর্জন করে ১৯তম স্থানে নাম লিখিয়েছেন অনন্যা পাণ্ডে। তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ অবস্থান করছেন ২০ নম্বরে।
অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের প্রযোজনা সংস্থা ‘ত্রালালা মুভিং পিকচার্স’ ও অন্যান্য ব্যবসায় মন দেওয়া সামান্থা রুথ প্রভু ৪৩.১০ মিলিয়ন ডলার (৪১৫.৪৯ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে রয়েছেন ২১তম স্থানে। এরপর ২২তম স্থানে রয়েছেন তামান্না ভাটিয়া (৩৬.৫০ মিলিয়ন ডলার বা ৩৪৭.০৩ কোটি রুপি)। অস্কারের দৌড়ে থাকা সিনেমা ‘হোমবাউন্ড’-এ প্রশংসিত অভিনয়ের সৌজন্যে ৩৪.২০ মিলিয়ন ডলার (৩২৫.৪৫ কোটি রুপি) নিয়ে ২৩তম স্থান পান জাহ্নবী কাপুর। কোনো চলচ্চিত্র মুক্তি ছাড়াই ৩১ মিলিয়ন ডলার (২৯৪.৯২ কোটি রুপি) মূল্যমান বজায় রেখে ২৪তম স্থানে আছেন শ্রদ্ধা কাপুর। আর ২০০ কোটি ডলারের বিশাল সামর্থ্যসূচক এই তালিকার ২৫তম স্থানটি দখল করেছেন আনুশকা শর্মা, যার ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ২৯.৯০ মিলিয়ন ডলারে (২৮৪.২৯ কোটি রুপি)।