দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, খালখনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালে মাছ, খালের পানিতে চাষের ফলে ‘মাছে- ভাতে বাঙালি’র সেই দিন ফিরে আসবে।

মন্ত্রী খালখনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।শুক্রবার (২২ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন কালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল আসছেন।মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খালখননের সূচনা করেন।
প্রধানমন্ত্রী খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এ এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।