মানসিক চাপ শুধু মনের ওপর প্রভাব ফেলে না, বদলে দিতে পারে খাওয়ার অভ্যাসও। দুশ্চিন্তা বা উদ্বেগের সময় কেউ বারবার খাবার খেতে চান, বিশেষ করে মিষ্টি ও চর্বিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ে।
মানসিক চাপ শুধু মনের ওপর প্রভাব ফেলে না, বদলে দিতে পারে খাওয়ার অভ্যাসও। দুশ্চিন্তা বা উদ্বেগের সময় কেউ বারবার খাবার খেতে চান, বিশেষ করে মিষ্টি ও চর্বিযুক্ত খাবারের প্রতি আকর্ষণ বাড়ে।
মানসিক চাপ তৈরি হলে শরীরে স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া সক্রিয় হয়। এ সময় অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো হরমোন নিঃসৃত হয়। স্বল্পমেয়াদি চাপে কারও ক্ষুধা কমে যেতে পারে।
এভাবে মানসিক চাপ থেকে বেশি খাওয়া, খাওয়ার পর অনুশোচনা এবং পরে নিজেকে কঠোর নিয়মে বাঁধার চেষ্টা—একটি চক্র তৈরি করতে পারে। সেই চক্র ভাঙতে পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়া বা নিজের ওপর অতিরিক্ত চাপ তৈরি করার পরিবর্তে কেন এমন হচ্ছে, তা বোঝার চেষ্টা করা জরুরি।
সবাই মানসিক চাপের প্রতিক্রিয়ায় বেশি খান না। কারও ক্ষেত্রে উদ্বেগের কারণে খাবারের প্রতি আগ্রহ কমে যায়। অতিরিক্ত দুশ্চিন্তা, হজমের অস্বস্তি কিংবা বমি বমি ভাবের কারণে খাবার খেতে ইচ্ছা নাও করতে পারে। আবার কাজের চাপ বা নানা চিন্তায় ডুবে থাকায় কেউ সময়মতো খাওয়ার কথাও ভুলে যান।
ব্যক্তিভেদে মানসিক চাপের প্রতিক্রিয়া আলাদা হতে পারে। কারও ক্ষুধা বাড়ে, কারও কমে যায়। ঘুমের ধরন, শারীরিক অবস্থা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং চাপ সামলানোর পদ্ধতিও এতে ভূমিকা রাখতে পারে।
দীর্ঘদিন খাবার অনিয়মিত হলে শরীরে ক্লান্তি বাড়তে পারে, মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং দৈনন্দিন কাজেও প্রভাব পড়তে পারে। তাই ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়ার বিষয়টি দীর্ঘস্থায়ী হলে অবহেলা করা ঠিক নয়।
কঠিন কোনো সময়ের মধ্যে সাময়িকভাবে ক্ষুধা কমে যাওয়া বা বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে দীর্ঘদিন ধরে খাওয়ার অভ্যাসে পরিবর্তন দেখা দিলে এবং তা দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
খাওয়ার পর অতিরিক্ত অপরাধবোধ, খাবার নিয়ে ভয় বা লজ্জা, ইচ্ছাকৃতভাবে বারবার খাবার বাদ দেওয়া কিংবা খাওয়ার ওপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি সতর্কসংকেত হতে পারে। দীর্ঘস্থায়ী উদ্বেগ, মন খারাপ, মানসিক ক্লান্তি ও মনোযোগের ঘাটতিও মানসিক চাপের প্রভাব নির্দেশ করতে পারে।
এ ছাড়া ওজনের উল্লেখযোগ্য পরিবর্তন, দীর্ঘস্থায়ী ক্লান্তি বা অন্য শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ক্ষুধার পরিবর্তন দীর্ঘদিন চললে কিংবা কাজ, সম্পর্ক ও দৈনন্দিন জীবন ব্যাহত হলে স্বাস্থ্যসেবা পেশাজীবীর সহায়তা নেওয়া উচিত।
মানসিক চাপের কারণে খাওয়ার অভ্যাস বদলে গেলে প্রথমেই নিজেকে দোষারোপ না করে পরিস্থিতি বোঝার চেষ্টা করা জরুরি। খাবার খাওয়ার ইচ্ছা তৈরি হলে ভেবে দেখা যেতে পারে, সত্যিই ক্ষুধা লেগেছে কি না, আগের কোনো বেলা বাদ পড়েছে কি না, নাকি কোনো দুশ্চিন্তা থেকে খাবার খেতে ইচ্ছা করছে।
নিয়মিত খাবার খাওয়া, পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং শারীরিকভাবে সক্রিয় থাকা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি মানসিক চাপ কমাতে নিজের জন্য কিছুটা সময় রাখা, বিশ্রাম নেওয়া এবং বিশ্বস্ত কারও সঙ্গে কথা বলাও সহায়ক হতে পারে।
তবে মানসিক চাপে খাবার খাওয়া কঠিন হয়ে পড়লে কিংবা খাবার নিয়ে ভয়, অপরাধবোধ বা নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি দীর্ঘস্থায়ী হলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও যোগ্য পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।