রুকন উদ্দিন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
সম্প্রতি একটি মামলায় ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে তাৎক্ষণিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন মো. মিজানুর রহমান খান কায়সার।
একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথাও জানান তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত এলাকাবাসীকে কায়সারের উদ্দেশে সমস্বরে বলতে শোনা যায়, ‘আপনাকে আমরা আমাদের পাশে চাই।’
মো. মিজানুর রহমান খান কায়সার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কলসাটি গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান।
কায়সারের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুদয়াল সরকারি কলেজে অধ্যয়নকালে তিনি কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নেত্রকোনা জেলা যুবদলের সদস্য এবং কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া ২০০৩ সালে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্প্রতি একটি মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে ও মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে এমন অভিযোগ তুলে জনসভায় প্রতিবাদ ও নিন্দা জানান এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে মিজানুর রহমান খান কায়সার বলেন, ‘আমি এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। তারা চাইলে অবশ্যই চেয়ারম্যান পদে প্রার্থী হবো। এলাকাবাসীর আহ্বানেই আজকের জনসভায় অংশ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘অতীতের ভুল-ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়েছি। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়েছি—কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না।’
কায়সার বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন এলাকাবাসীর পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নিতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর সমর্থন ও ভালোবাসাকেই তিনি সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখছেন।