শিশুদের কাছে রমজানের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ সহজ ও আনন্দময়ভাবে তুলে ধরতে প্রকাশিত হয়েছে মারিয়া জামানের প্রথম শিশুতোষ বই Little Ikhlas’s First Ramadan। ইংরেজি ভাষায় রচিত বইটি প্রকাশ করেছে বুকস কর্নার পাবলিকেশন।
বইটির কেন্দ্রীয় চরিত্র ছোট্ট ইখলাস। জীবনের প্রথম রমজানে সে রোজা, ইফতার, দোয়া, দান-সদকা এবং পরিবারের সঙ্গে ইবাদতের মতো নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে রমজানের প্রকৃত সৌন্দর্য ও তাৎপর্য আবিষ্কার করে। সহজ-সরল ভাষা, পরিচিত পারিবারিক পরিবেশ এবং শিশুতোষ উপস্থাপনার মাধ্যমে ছোট পাঠকদের কাছে রমজানের শিক্ষা আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে বইটিতে।
বাংলাদেশে জন্ম নেওয়া মারিয়া জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে Teaching and Leadership বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। তার গবেষণার মূল ক্ষেত্র শিক্ষা, বৈচিত্র্যময় শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। একজন গবেষক ও মা হিসেবে নিজের সন্তানের জন্য অর্থবহ ও মূল্যবোধনির্ভর গল্পের বই খুঁজতে গিয়েই এমন একটি বই লেখার অনুপ্রেরণা পান তিনি।
বইটি সম্পর্কে মারিয়া জামান বলেন, ‘আমি চাই শিশুরা রমজানকে শুধু একটি ধর্মীয় আচার হিসেবে নয়, বরং ভালোবাসা, কৃতজ্ঞতা, সহমর্মিতা ও সুন্দর অভ্যাস গড়ে তোলার একটি সময় হিসেবে জানুক। পরিবারের সবাই একসঙ্গে গল্প পড়ার মাধ্যমে তারা যেন নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হতে পারে।’
এটি মারিয়া জামানের প্রকাশিত প্রথম শিশুতোষ গ্রন্থ। তিনি জানান, ভবিষ্যতেও শিশুদের শিক্ষা, নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ইতিবাচক জীবনবোধকে কেন্দ্র করে আরও বই লেখার পরিকল্পনা রয়েছে।