দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। গৌতম গম্ভীরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজ হার। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর আবারও একই ফলাফলের পুনরাবৃত্তি। বুধবারের পরাজয় গম্ভীরের কোচিং ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
সাবেক খেলোয়াড়, বিশেষজ্ঞ ও ক্রিকেট বিশ্লেষকদের একাংশ ইতিমধ্যেই গম্ভীরের কৌশল ও ড্রেসিংরুম ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনায় সরব। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও এবিষয়ে নিজের মতামত দিয়েছেন।
অশ্বিনের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেন, ‘ভারতীয় দলের অবস্থার দিক থেকে বললে, এটা সত্যিই কঠিন সময়। নেতৃত্বের ক্ষেত্রে গম্ভীর আসলে কেমন, তা আমি জানি না।আমি তাকে একজন আবেগী ক্রিকেটার হিসেবে চিনি, আর যদি তিনি ড্রেসিংরুমেও অতিরিক্ত আবেগ দেখান, তবে সেটা সবসময়ই ভালো ফল দেয় না। তবে এটা একেবারে নিশ্চিতভাবে বলার মতো বিষয় নয়, কারণ পর্দার আড়ালে তিনি কীভাবে নেতৃত্ব দেন, তা আমি জানি না।’
তিনি আরো বলেন, ‘কিছু খেলোয়াড় সাবেক ক্রিকেটারকে কোচ হিসেবে পেলে আত্মবিশ্বাসী হয়, আবার কেউ অভিজ্ঞ কোচ পছন্দ করে যিনি নিজে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তাই বিষয়টি খেলোয়াড়ভেদে আলাদা।গ্যারি কারস্টেনের প্রশংসা করে ডি ভিলিয়ার্স বলেন, ‘গ্যারি কার্স্টেনের অধীনে খেলতে আমি খুব ভালোবাসতাম। তিনি সাবেক ক্রিকেটার এবং গম্ভীরের মতোই। অনেক খেলোয়াড় কোচ যদি নিজেই দারুণ ক্রিকেটার হন, তাহলে বাড়তি অনুপ্রেরণা পায় দলের জন্য কঠোর পরিশ্রম করতে।’
এ ক্যাটাগরির আরো নিউজ..