জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর মাঝপথে আটকে পড়া নৌকাসহ ৪০ জন যাত্রীকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলা প্রশাসন তাদের উদ্ধার করে।

জানা যায়, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে ২৬ ডিসেম্বর সন্ধ্যায় জামথল ঘাটে আসার পথে ৪০জন যাত্রীসহ একটি নৌকা মাঝপথে আটকা পড়ে। নৌকায় থাকা সকলেই জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা এবং বরযাত্রী।ঘন কুয়াশার কারনে তারা পথভুলে নদীতে আটকে যায়। স্থানীয় প্রশাসন এই বিষয়টি রাতেই অবগত হলেও ঘন কুয়াশার কারনে আটকেপড়া নৌকা সনাক্ত করা সম্ভব হয়নি। তাই ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে অন্য একটি নৌকার সাহায্যে আটকেপড়া নৌযাত্রীদের উদ্ধার করে জামথল ঘাটে আনা হয় । জামালপুর জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন।